মহাখালীর সাততলা বস্তিতে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পরপরই আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হইচই শুরু হলে অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। বস্তির টিনশেড ও আধাপাকা ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে।একপর্যায়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের কোয়ার্টারের প্রাচীরসংলগ্ন বস্তির অংশেও আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ঘরবাড়ি বা সম্পদের ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।