সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে (বৃহস্পতিবার) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৫ অক্টোবর) রাতে ঘটনার সুষ্ঠু বিচার ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকরা। পরে রাত ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে উপাচার্য জানান, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চিহ্নিত দোষীদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হবে। পরবর্তীতে সিন্ডিকেট সভা ডেকে ১৫ দিনের মধ্যে স্থায়ী বহিষ্কার ও আইনি চার্জশিট দাখিল করা হবে। এছাড়া অভিযুক্তদের মধ্যে সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে থাকা ব্যক্তিদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।প্রশাসনের এসব আশ্বাসের পর আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন প্রশাসনের সব ধরনের সংবাদ ও অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে।উল্লেখ্য, রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংঘটিত হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের দেওয়া তথ্য অনুযায়ী, এ হামলায় ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। ইতোমধ্যেই কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের তিন নেতাকে পদ থেকে বহিষ্কার এবং আরও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।