রাজধানীর মানিকদীস্থ নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, এই মামলায় পুলিশ গতকাল রাত পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তিনজন থানা-পুলিশ, একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। চারজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন শাহরিয়া মাহমুদ, যিনি এক সময় প্রজন্ম লীগের সদস্য ছিলেন এবং বর্তমানে মাদ্রাসার শিক্ষক। মামলার ২ নম্বর আসামি আবুল কাশেম ক্যান্টনমেন্ট থানার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। হামলায় অংশ নেওয়া কিছু ব্যক্তি স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে; তথ্য যাচাই চলছে। পুলিশ বর্তমানে অস্ত্রধারী তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে।তদন্ত সংশ্লিষ্টরা জানান, ৩৫ কাঠা জমির একটি অংশের মালিকানা দেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে মামলার ১ নম্বর আসামি শাহরিয়া মাহমুদ হামলার পরিকল্পনা করেন এবং লোক জড়ো করার দায়িত্ব নেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা শাহ আলম অনিক তাঁকে সাহায্য করেন। হামলায় আরেকদিকে ভাষানটেক বস্তির বাসিন্দা মুন্না, মামুন ও আসলাম অংশ নেন, যাদের বিরুদ্ধে ভাড়া করা লোকজন নিয়ে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান, যিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের জামাতা ও কুষ্টিয়া-২ আসনের বাসিন্দা, তাকে নিজ বাড়ি থেকে ডিবি গ্রেপ্তার করেছে।