যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘১০ গুণ’ কঠোর জবাব দেবে ইরান: সশস্ত্র বাহিনী
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে কোনো সামরিক হামলা চালালে তার পাল্টা জবাব আগের হামলাগুলোর তুলনায় ‘১০ গুণ’ বেশি কঠোর হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ভবিষ্যতে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা আগের হামলাগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে।ট্রাম্পের ওই বক্তব্যের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, ট্রাম্পের বক্তব্য সত্যি হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে ১০ গুণ বেশি কঠোর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘নূর নিউজ’-এর বরাতে এ তথ্য জানা গেছে।ইরানের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় জেনারেল শেখারচি বলেন, ইরানের পাল্টা জবাব হবে এতটাই শক্তিশালী ও বিধ্বংসী যে তা পুরো বিশ্বকে বিস্মিত করবে। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক সম্পদও হামলার লক্ষ্যবস্তু হবে এবং নাগালের মধ্যে থাকলে বিশ্বের যেখানেই মার্কিন সম্পদ থাকুক না কেন, সেগুলোতে হামলা চালানো হবে।জেনারেল শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানিরা মোটেও ভয় পায় না। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের সময়ের তুলনায় দেশটির সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত ও সুসংগঠিত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি এবং গত দুটি যুদ্ধে চিহ্নিত হওয়া দুর্বলতাগুলোও সফলভাবে কাটিয়ে ওঠা হয়েছে।ইরানের প্রতিরক্ষা নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে যে দেশটি কখনো আগে থেকে আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান শুধু আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রয়োজনে শক্তিশালী আক্রমণকারীর ভূমিকাও পালন করবে।সূত্র: আল জাজিরা