হরমুজে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত করে বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা সরকারি গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনের সামরিক বিরতির পর এ ঘটনায় গুরুত্বপূর্ণ নৌপথটিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইরানের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ডিফাপ্রেসের বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ট্যাংকারটি ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর একটি সমুদ্র মাইনে আঘাত করে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।তবে জাহাজটির নাম, পতাকা, মালিকানা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা নাবিকদের হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্বাধীন সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বা সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে ঘটনার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক জাহাজগুলোকে তেহরানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্যকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলেও সতর্ক করেছে দেশটি।এর আগেও ইরান বলেছিল, নির্ধারিত পথ থেকে বিচ্যুতি কিংবা দেশটির নৌচলাচল-সংক্রান্ত নির্দেশনা উপেক্ষা করা হলে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হতে পারে।ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন টানা দুই দিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি। সাময়িক এ বিরতিকে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল।[BANGVIEWS-POST:2590]হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে কারিগরি ও রাজনৈতিক আলোচনা চলছে। তবে ট্যাংকার বিস্ফোরণের এ দাবি এবং ইরানের কঠোর সতর্কবার্তা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই নৌপথে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক জাহাজ চলাচল, তেলের সরবরাহ ও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।সূত্র: আনাদোলু এজেন্সি