১০ দিনের মধ্যে দ্বিতীয়বার বদলি গোপালগঞ্জের সাবেক এসপি হাবীবুল্লাহ
মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বদলি করা হয়েছে গোপালগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে। গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলির পর সেখানে দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় তাঁকে এবার খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদে রদবদল আনে সরকার। ওই দিন গোপালগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়।পরে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. হাবীবুল্লাহ। কিন্তু নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের এক সপ্তাহের মধ্যেই আবার বদলির আদেশ পেলেন তিনি। হাবীবুল্লাহ গোপালগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা দেখা দেয়।এমন পরিস্থিতির মধ্যেই ১৫ নভেম্বর তাঁকে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়। একই সময়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পদায়ন করা হয়। সর্বশেষ আদেশের ফলে ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার বদলি হলেন মো. হাবীবুল্লাহ। তবে এত অল্প সময়ের ব্যবধানে তাঁকে আবার বদলি করার সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।অন্যদিকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মো. জসিম উদ্দীনকে ফেনী জেলা পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে ঢাকার স্পেশাল রিজার্ভ ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে পদায়ন করা হয়েছে। বুধবারের প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও বিশেষায়িত ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।