ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ নভেম্বর দেশব্যাপী বিএনপির র‍্যালি ও কর্মসূচি ঘোষণা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশব্যাপী বর্ণাঢ্য র‍্যালিসহ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক। এ দিনের মূল শিক্ষা ও চেতনা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করা। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের সময় রাজনৈতিক অনিশ্চয়তার মুখে জনগণের গভীর প্রত্যাশার ধারাবাহিকতায় ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল; যার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তীতে সংবাদপত্রের স্বাধীনতা ও সব রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পথ উন্মুক্ত হয়।সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ৭ নভেম্বরের সেই ঐতিহাসিক বৈপ্লবিক চেতনা চব্বিশের জুলাই আন্দোলনকেও গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ছাত্র-শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই ৫ আগস্ট দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শক্তি জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করলে ৭ নভেম্বরের চেতনা মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সাহস জোগাবে বলে তিনি মন্তব্য করেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হবে। এরপর বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। এ ছাড়া ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে এবং দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ শোভাযাত্রার আয়োজন করা হবে।দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ, বিশেষ ক্রোড়পত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। মূল আলোচনা সভার সম্ভাব্য তারিখ আগামী ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে, যা দলীয় হাইকমান্ডের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর দেশব্যাপী বিএনপির র‍্যালি ও কর্মসূচি ঘোষণা