ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এ বছরই দেশে আবার যাত্রাপালা শুরু হবে: সংস্কৃতিমন্ত্রী

দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে চলতি বছর থেকেই বিভিন্ন এলাকায় যাত্রাপালা আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তবে এসব আয়োজনে অশ্লীলতা ও নর্তকী নাচের পরিবর্তে জীবনঘনিষ্ঠ, শিক্ষামূলক এবং সুস্থধারার পরিবেশনা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে যাত্রাপালার পাশাপাশি বাউল উৎসব, কবিগান ও নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলোকে পুনরায় জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, এসব সাংস্কৃতিক আয়োজন মানুষের বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের লোকজ ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।নিতাই রায় চৌধুরী বলেন, যাত্রাপালা বাংলাদেশের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। একসময় এ ধরনের আয়োজন সাধারণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পরিচ্ছন্ন ও শিক্ষামূলক যাত্রাপালা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী আরও বলেন, মানুষের জীবনের বাস্তবতা ও সামাজিক বিষয়গুলো তুলে ধরে এমন যাত্রাপালা আয়োজন করা হবে। সেখানে অশ্লীলতা কিংবা নর্তকী নাচের কোনো স্থান থাকবে না।তিনি জানান, চলতি বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে যাত্রাপালা আয়োজনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্কৃতিমন্ত্রী বলেন, মানুষের জীবনে আনন্দ ও বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতির স্বকীয়তা বজায় রাখাই মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং ড. রইচ উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এ বছরই দেশে আবার যাত্রাপালা শুরু হবে: সংস্কৃতিমন্ত্রী