মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে নোটিশ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ঘটনায় ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।[BANGVIEWS-POST:1161]শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ঘটনাটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রধান শিক্ষক রুহুল আমিনকে তার কক্ষে বসে অসংলগ্ন কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে মদ্যপানের কথা স্বীকার করতেও শোনা যায়। একপর্যায়ে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন বলে অভিযোগ উঠেছে।পরে তার স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।একজন অভিভাবক অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে মদ্যপান করে আসছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না।ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।[BANGVIEWS-POST:1157]শুক্রবার দুপুরে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। তখন তার মাথা ঠিক ছিল না। ওই অবস্থায় কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই।বিদ্যালয়ে ওই অবস্থায় যাওয়াকে তিনি নিজের ভুল বলেও স্বীকার করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, প্রধান শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।