নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিশেষ করে পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগের বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে।রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।সাক্ষাতে বাংলাদেশের বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে শেভরনের সম্ভাব্য ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।শেভরন প্রতিনিধিদল জানায়, পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে আরও প্রযুক্তি ও বিনিয়োগ যুক্ত করে উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অংশ নিতেও প্রতিষ্ঠানটি আগ্রহী।বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। সেই প্রেক্ষাপটে শেভরনের নতুন বিনিয়োগ প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।