চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ
বিমানবন্দর থেকে ডাকঘর, আর ডাকঘর থেকে রেলপথ। চোরাচালানের এমন একটি নতুন কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।১৩ ও ১৪ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।শুল্ক গোয়েন্দাদের হিসাবে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।অভিযানে বেরিয়ে এসেছে চোরাচালানের একটি নতুন রুট। আন্তর্জাতিক ফ্লাইটে পণ্য দেশে আনার পর সেগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের রেলপথ ব্যবহার করে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে প্রায় ৫৬ কেজি ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ভায়াগ্রা ও ইনসুলিনও ছিল।এর এক দিন আগে, ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়।পরদিনও অভিযান চালানো হয়। থাই এয়ারওয়েজ ও সালাম এয়ারসহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ এবং পরিত্যক্ত কার্টন থেকে আরও ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও গৌরি ক্রিম উদ্ধার করা হয়।দুই দিনের অভিযানের মোট হিসাবে শুল্ক গোয়েন্দারা ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস গৌরি ক্রিম, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য কসমেটিকস, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং ১৭ লিটার অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে।সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।শুল্ক গোয়েন্দা বলছে, এসব অভিযানের মাধ্যমে শুধু অবৈধ পণ্যই জব্দ হয়নি, বরং পণ্য পরিবহনে ব্যবহৃত নতুন একটি কৌশল ও রুটও শনাক্ত হয়েছে। এখন জব্দ করা পণ্যগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।