ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে সাহেব আলীকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত শুটার মো. রনিকে গ্রেফতার করেছে এসআরবি। শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) এসআরবি-১১-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত স্থানীয় মাদক ব্যবসার একক নিয়ন্ত্রণ ও অপরাধ জগতের অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত সাহেব আলী এবং শুটার রনি অতীতে একই মাদক ও অপরাধী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। তবে সম্প্রতি ব্যবসার একচ্ছত্র আধিপত্য এবং মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হয়।লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী সাহেব আলীর ওপর হামলা চালায় রনি। প্রথম দফায় গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের নালায় পড়ে যান। সেখানে গিয়ে শুটার রনি খুব কাছ থেকে ফের গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায়। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর রনি নারায়ণগঞ্জ থেকে পালিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে আত্মগোপন করেন। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় এসআরবির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসে।এর আগে গত ১৩ অক্টোবর একই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সহায়তাকারী হিসেবে সাব্বির নামে একজনকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিল এসআরবি-১১। এসআরবি আরও জানায়, গ্রেফতারকৃত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা চলমান রয়েছে।এসআরবি কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিহত সাহেব আলী ও ঘাতক রনি দুজনকেই অতীতে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছিল; তবে জামিনে বেরিয়ে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সিদ্ধিরগঞ্জের এই সন্ত্রাসী চক্রের আরও ৮ জন সদস্যকে আগে গ্রেফতার করা হয়েছিল। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, কোনো ছাড় না দিয়ে কঠোর আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার