দেশজুড়ে শীত নামার সম্ভাব্য সময় জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন অঞ্চলে সকাল ও রাতে হালকা শীতল আবহাওয়া এবং কোথাও কোথাও কুয়াশার মতো ধোঁয়াশা দেখা গেলেও এখনই দেশজুড়ে শীত নামছে না। আগামী ডিসেম্বরের শুরু থেকেই মূলত দেশজুড়ে পুরোদমে শীত পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’র (El Niño) কারণে এবার শীতের সামগ্রিক অনুভূতি ও তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চ্যানেল ২৪ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।আবহাওয়াবিদ জানান, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় সূর্যের উত্তাপে গরমের অনুভূতি বজায় থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করছে। হেমন্তের প্রান্তিক পর্যায়ে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন এলাকায় হালকা শীত অনুভূত হতে শুরু করবে। এরপর ডিসেম্বর মাস থেকে সারা দেশে পুরোদমে শীত মৌসুম শুরু হবে।তিনি আরও উল্লেখ করেন, আবহাওয়ায় এল নিনোর সক্রিয় প্রভাব থাকার কারণে বিগত বছরগুলোর তুলনায় এবার শীতের সামগ্রিক অনুভূতি কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট অঞ্চলে শীতের তীব্রতা কেমন হবে, তাপমাত্রা কতটা নিচে নামবে এবং ঘন কুয়াশার স্থায়িত্ব কত দিন থাকবে—তা ওই নির্দিষ্ট সময়ে সক্রিয় আবহাওয়াগত উপাদানের ওপর নির্ভর করবে।