‘আমার কোনো বাগদান হয়নি’, ছড়ানো খবরে জেবিনের ক্ষোভ
ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর শিরতাজ জাহান জেবিন শুরুতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও পরবর্তী সময়ে বিনোদন জগতে পা রাখেন। অভিনয়ের মাধ্যমে গড়ে তোলেন নিজের ক্যারিয়ার। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এ ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেবিনের বাগদান হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তার কোনো বাগদান হয়নি।জেবিন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। বাবার চিকিৎসার জন্যই তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানান। এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি। এর মধ্যেই নিজের বাগদানের খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। তার দাবি, এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করায় তিনি বিব্রত হয়েছেন।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জেবিন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’জেবিন আরও বলেন, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’ভুল সংবাদ প্রকাশের প্রভাব শুধু একজন শিল্পীর ভাবমূর্তির ওপর পড়ে না বলেও উল্লেখ করেন জেবিন। তার ভাষ্য, এর প্রভাব পরিবার ও ব্যক্তিগত জীবনেও পড়ে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।অভিনেত্রী বলেন, সংবাদ হওয়া উচিত তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।