সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গ্রেফতার শাহরিয়ার মাহমুদ
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শাহরিয়ার মাহমুদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০২৪ সালে সংঘটিত হত্যা ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ আরও দুটি মামলার আসামি।বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারজন মুসল্লি নিহত এবং কয়েক শত মানুষ আহত হন। ঘটনাগুলোকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষ একাধিক মামলা করে।এসব মামলার মধ্যে টঙ্গী পশ্চিম থানায় হত্যাচেষ্টা, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় শাহরিয়ার মাহমুদ তিন নম্বর আসামি। তাঁর পিতার নাম উকিল মনশাদ উল্লাহ। তাঁর ঠিকানা ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশনের বি ব্লকের আট নম্বর লাইনের সাত নম্বর বাড়ি বলে পুলিশ সূত্রে জানা গেছে।এ ছাড়া গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা একটি হত্যা মামলায়ও শাহরিয়ার মাহমুদ ২৫ নম্বর আসামি। মামলাটি বর্তমানে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন রয়েছে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শাহরিয়ার মাহমুদ তাঁর থানার মামলা নম্বর ০৬(০৯)২৪-এর তিন নম্বর আসামি। মামলাটির তদন্ত চলছে।গাজীপুর পিবিআইয়ের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের (এমপি) জামাতা মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।