ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহজালালে একই ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে মিলল ৩৮ লিটার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকা।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে বিদেশি মদ আনার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ওই ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেন।ফ্লাইটটি ওই দিন সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজন কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়।তল্লাশিতে সাত যাত্রীর ব্যাগ থেকে বিভিন্ন পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়। এর মধ্যে আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজ্জামেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার মদ উদ্ধার করা হয়।এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল-আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়।সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।কর্মকর্তারা জানান, একই আন্তর্জাতিক ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে এ ধরনের পণ্য পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শাহজালালে একই ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে মিলল ৩৮ লিটার মদ