ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে সরকার। চুক্তির পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি প্রক্রিয়ায় দেশের স্বার্থ রক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা হবে।তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। একই সঙ্গে যাত্রীসেবার মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।বেবিচক চেয়ারম্যানের মতে, অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও জানান, যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আন্তর্জাতিক মানের বিমানযাত্রা নিশ্চিত করতে বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রীসেবার সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা প্রায় ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে।

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল
Richman