শার্শায় ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক রিপন
যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৪০০ গ্রাম। বিজিবির হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেল দুটির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির দাবি, তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।অভিযানে স্বর্ণের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা সব মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা স্বর্ণ ও জব্দ করা অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।