রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
জধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শারমিন সুলতানা সর্মি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে লালবাগ থানা পুলিশ শেখ সাহেব বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন।শারমিন সুলতানা সর্মি যুব মহিলা লীগের ২০১৭ থেকে ২০২২ মেয়াদের কমিটিতেও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে ডিএমপি।গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।