দেড় বছরের বেশি সময় পর টেস্ট সেঞ্চুরি পেলেন শান মাসুদ
দীর্ঘ ১৯ মাস পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক।সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও তিন অঙ্ক ছুঁলেন পাকিস্তানের এই ব্যাটার।শান মাসুদের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলায় দলটির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২৯ রান।এর আগে শনিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।[BANGVIEWS-POST:2629]শাই হোপের ৯২ এবং কেভম হজের ৮৪ রানের ইনিংসে ভর করে ৩১১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দুজনই ভালো ব্যাটিং করলেও অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আলি সর্বোচ্চ চারটি উইকেট নেন। মোহাম্মদ আব্বাস তিনটি এবং খুররম শেহজাদ দুটি উইকেট শিকার করেন।রোববার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৯ রান।ওপেনার ইমাম-উল-হক ৬৩ রান করে আউট হন। দিনের শেষদিকে বাবর আজম ২৩ রান করে ফিরে যান। ৮৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন শান মাসুদ।
সোমবার তৃতীয় দিনে আবার ব্যাটিংয়ে নেমে ১৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শতকের পথে ১১টি চার মারেন পাকিস্তান অধিনায়ক।