শহীদ ডা. মিলনের সমাধিতে জাসদের শ্রদ্ধা
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দিবসটি উপলক্ষে তাঁর সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. মিলনের সমাধিতে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলনের স্মরণে নির্মিত ‘নিঝুম’ স্থাপত্যেও পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।শুক্রবার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি ও আফজাল হোসেন খান বাচ্চু।এ ছাড়া জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরিফউদ্দিন সোহেল এবং সহদপ্তর সম্পাদক ইমন আহমেদ ইমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে শহীদ মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যু তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে চলমান গণআন্দোলনকে আরও বেগবান করে।এরপর ৬ ডিসেম্বর এরশাদের পতন ঘটে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলনের আত্মত্যাগ একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।প্রতিবছর ২৭ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করে।