লংমার্চে উৎসাহিত হয়ে বিচ্ছিন্ন মিছিল হচ্ছে: পাট প্রতিমন্ত্রী
বিরোধীদলের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচিতে উৎসাহিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ‘ফ্যাসিস্টদের দোসররা’ বিচ্ছিন্নভাবে মিছিল করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তার অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শরীফুল আলম বলেন, দেশের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন হারালে ক্ষমতায় না থাকার সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক সাহস সরকারের রয়েছে।দেশের তেল ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। বিরোধীদলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, সরকারের পাঁচ-ছয় মাসের মাথায় এমন কী পরিস্থিতি তৈরি হয়েছে যে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করে লংমার্চ করতে হবে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে কি না, সেটিও বিবেচনা করা প্রয়োজন বলে মত দেন তিনি।তবে দেশে জ্বালানি সরবরাহে কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করেন শরীফুল আলম। তিনি বলেন, তেল ও গ্যাস সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে এবং জনগণের সাময়িক দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন।তার ভাষ্য অনুযায়ী, সরকার বর্তমানে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন তেল ও গ্যাস সরবরাহ করতে না পারলেও অল্প সময়ের মধ্যে পরিস্থিতির স্থায়ী সমাধান করা হবে।পরে প্রতিমন্ত্রী ভৈরব স্টেডিয়ামসংলগ্ন হাইওয়ে থানার পেছনে একটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন। এর আগে গোছামারা গ্রামে তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।দুপুরে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও অংশ নেন শরীফুল আলম।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাইফুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।