হেবা আইন সংশোধন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের
হেবা আইন সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, সরকার আগে কুরআনবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিলেও পরে বিতর্কিত এই আইন সংশোধন করেছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ফয়জুল করীম দাবি করেন, হেবা আইন সংশোধন শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এ ধরনের আইন দেশের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দ্রুত এই আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার মধ্যে হঠাৎ করে এমন একটি আইন পাস করেছে, যা দেশের আলেম সমাজ ও ধর্মীয় মহলের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, একদিকে কিছু দল আন্দোলনের কর্মসূচি পালন করছে, অন্যদিকে সংসদে একই বিষয়ে ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে।সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, হেবা আইন ইস্যুতে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে।
দলটির পক্ষ থেকে বলা হয়, দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।