রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করা হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।অন্যদিকে শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, তিনিও তাঁর কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়েছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে অবস্থান করায় ঘটনাস্থলে যেতে পারেননি তিনি। তবে অগ্নিসংযোগে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন।ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।