ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাকাশের গল্পে শরিফুল রাজ, আসছে নতুন সিনেমা ‘লিম্বো’

বাংলাদেশের চলচ্চিত্রে এবার মহাকাশযাত্রার গল্প নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। তাঁর নতুন সিনেমা ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। অভিনেতার জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটির প্রথম পোস্টার ও টিজার প্রকাশ করা হয়েছে।নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমাটিতে প্রেম, বিচ্ছেদ ও রহস্যের বিভিন্ন দিক উঠে আসবে বলে টিজারে আভাস দেওয়া হয়েছে।প্রকাশিত টিজারে দেখা যায়, লাল আঁচল উড়তে থাকা এক রহস্যময় নারীকে। একই সঙ্গে পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে এগিয়ে যাচ্ছে একটি মহাকাশযান। দৃশ্যগুলোতে মহাকাশ অভিযানের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে।সিনেমাটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিম রহমান অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে..!’টিজারের সঙ্গে প্রকাশিত ক্যাপশনে নির্মাতা প্রশ্ন রেখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিপ্লব গোস্বামী। ভারতের আলোচিত চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’-এর গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত তিনি।‘লিম্বো’র শুটিং হবে তিনটি ভিন্ন দেশে। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে।শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণও জানিয়েছেন তানিম রহমান অংশু। তাঁর মতে, ‘ন ডরাই’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই রাজের অভিনয়দক্ষতা সম্পর্কে তাঁর ইতিবাচক ধারণা তৈরি হয়।নির্মাতা বলেন, ‘রাজকে নেওয়ার কারণ হচ্ছে, ‘ন ডরাই’ করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’অন্যদিকে দীর্ঘ বিরতির পর অংশুর পরিচালনায় আবারও অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শরিফুল রাজ। এর আগে তাঁরা একসঙ্গে ‘ন ডরাই’ সিনেমায় কাজ করেছিলেন।রাজ বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল ‘ন ডরাই’। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তাঁর সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’নতুন সিনেমার গল্প ও নির্মাণভাবনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। বিশেষ করে আন্তর্জাতিকভাবে পরিচিত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।রাজ বলেন, ‘এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন, যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।’

মহাকাশের গল্পে শরিফুল রাজ, আসছে নতুন সিনেমা ‘লিম্বো’