ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ হবে না।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলায় আহত সাংবাদিক সিফাত শাহরিয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগের দিনের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় সিফাতসহ সাংবাদিকরা আহত হন।ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের আওতাধীন কোনো জায়গা অবৈধভাবে দখল হলে তা উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে রাজনৈতিক মহল থেকে আসা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ডিএনসিসি কোনো সংসদীয় আসনকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করছে না। নাগরিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে করপোরেশনের আওতাধীন যেকোনো এলাকায় প্রয়োজন অনুযায়ী অভিযান চালানো হতে পারে।অভিযান পরিচালনায় রাজনৈতিক চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, তিনি বিএনপির কর্মী হলেও বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব হচ্ছে সিটি করপোরেশনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ডিএনসিসির উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এর আগে বুধবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।