জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।ভূমিকম্পের পর কুমামোতোর কাশিমা শহরের একটি ইয়ন শপিংমলের অংশবিশেষ ধসে পড়ে। এর আগে মলটিতে বিস্ফোরণের মতো একটি ঘটনার খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধারকাজ চালাচ্ছে।জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।[BANGVIEWS-POST:2689]দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, কয়েকটি এলাকায় ভবন ধস, অগ্নিকাণ্ড এবং সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি দল সক্রিয় করা হয়েছে এবং দুর্যোগকবলিত এলাকায় সেনাসদস্যদের পাঠানো হয়েছে।ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে কোনো বড় ঢেউ শনাক্ত না হওয়ায় সতর্কতা তুলে নেয় জাপানের আবহাওয়া সংস্থা। তবে শক্তিশালী পরাঘাত ও ভূমিধসের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।দুর্যোগের কারণে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিউশু অঞ্চলে বুলেট ট্রেনসহ বিভিন্ন রেলসেবা স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরীক্ষার জন্য কুমামোতো বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৬ সালেও কুমামোতো অঞ্চলে ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল।সূত্র: রয়টার্স