ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দিনে ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন ২৬ হাজারের বেশি গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরুর পর গত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম অর্থ উত্তোলন করেছেন গ্রাহকেরা। অর্থাৎ, অর্থ উত্তোলনে কোনো সমস্যা না হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ওপর আস্থা রাখছেন আমানতকারীরা। তাই অনেকে আবেদন করেও শেষ পর্যন্ত টাকা তুলছেন না। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন নেওয়া শুরু হয়। ওই দিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকার আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। পরদিন ৮ সেপ্টেম্বর অর্থ উত্তোলনের পরিমাণ আরও বেড়ে যায়। ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকার আবেদন করেছিলেন। এর বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। আর আজ বুধবার তৃতীয় দিন, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। এ দিন ২১ হাজার ৮৬ জন গ্রাহকের মোট চাহিদা ছিল ৯৬৩ কোটি টাকা।

তিন দিনে ১ হাজার ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন ২৬ হাজারের বেশি গ্রাহক