ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাগরে এক জালেই মিলল ৮৬০টি লাল কোরাল ও সুরমা, বিক্রি ১০ লাখে!

বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন ১১ জন জেলে। সকালে জাল তুলতেই দেখা যায়, থরে থরে ধরা পড়েছে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ। এক জালেই মিলেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা। পরে নিজেদের খাওয়ার জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি মাছ ১০ লাখ টাকায় বিক্রি করেছেন জেলেরা।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করা হয়।ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি এবং ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি পর্যন্ত। অন্যদিকে, চাপা সুরমাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি।তিনি আরও বলেন, জেলেদের নিজেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা (মোট ৩৫টি) রেখে বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে। মাছগুলো ঘাটে আনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।ট্রলারের জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু পুরো লটটি কিনে নেন। এর মধ্যে ৪৪৫টি লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকায় এবং ৩৮০টি চাপা সুরমা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার টাকায়।ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে যাত্রা করে। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলা হয়। পরদিন শনিবার সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা দেখতে পান তাঁরা। এরপর মাছ নিয়ে দুপুরে ঘাটে ফিরে আসেন।মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় উপকূলীয় এলাকায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও এসব মাছের ভালো চাহিদা রয়েছে। শনিবার রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। তবে প্রবাল ও পাথরের কারণে এসব এলাকায় জাল ফেলা বেশ ঝুঁকিপূর্ণ ও কঠিন। এ কারণে জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু সামুদ্রিক মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।

সাগরে এক জালেই মিলল ৮৬০টি লাল কোরাল ও সুরমা, বিক্রি ১০ লাখে!