ভোলায় বৈরী আবহাওয়া, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলা জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় ভোলা-মনপুরা-হাকিমুদ্দিনসহ জেলার পাঁচটি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ভোলা-ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।ভোলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।[BANGVIEWS-POST:1357]অতিরিক্ত জোয়ার এবং উত্তাল নদীর কারণে মেঘনা নদীতে জেলে নৌকা ও অন্যান্য নৌযানের চলাচল ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর ও উপকূলীয় নদী এলাকায় জেলেরা মাছ ধরা থেকেও বিরত রয়েছেন।জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবি) জানিয়েছে, সর্বশেষ পর্যবেক্ষণে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত ছিল। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।