লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আজিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। তিনি পেশায় এসি টেকনিশিয়ান ছিলেন এবং সূত্রাপুরের কুলুটোলা এলাকায় বসবাস করতেন। সেখানে তার একটি এসি সার্ভিসিংয়ের দোকানও রয়েছে।পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার লক্ষ্মীবাজারের একটি বাসায় সহকর্মীকে নিয়ে এসি মেরামতের কাজে যান আজিজুল। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের একতলার ছাদের ওপর পড়ে যান।ওই সময় তার সঙ্গে থাকা সহকর্মী নামাজ পড়তে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে আজিজুলকে ছাদে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন।পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।