শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড রোহিত শর্মার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভারত ৫ উইকেটে হারলেও ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। ৯২ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ‘হিটম্যান’।এই অর্জনে রোহিত পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে। ওপেনার হিসেবে ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। একই মাইলফলকে পৌঁছাতে শচীনের প্রয়োজন হয়েছিল ২১৪ ম্যাচ। অর্থাৎ শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোহিত।এর মধ্য দিয়ে ২২ বছর ধরে টিকে থাকা শচীনের রেকর্ড ভেঙেছেন তিনি।ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা চতুর্থ ব্যাটারও হয়েছেন রোহিত। তার আগে এই কীর্তি গড়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া।তবে ওপেনার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো শচীনের দখলে। ৩৪০ ইনিংসে তার সংগ্রহ ১৫ হাজার ৩১০ রান। তালিকায় সনৎ জয়সুরিয়া ৩৮৩ ইনিংসে করেছেন ১২ হাজার ৭৪০ রান। আর ক্রিস গেইলের সংগ্রহ ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।রোহিতের ব্যক্তিগত রেকর্ডের দিনটি অবশ্য দলীয়ভাবে ভারতের জন্য সুখকর হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরে সিরিজ শেষ করেছে ভারত।