ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রামকে আগের ইউনিয়নে ফিরিয়ে দেওয়া এবং নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচলও অনিশ্চিত হয়ে পড়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা যায়।অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের চলাচল বিঘ্নিত হয়।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রামকে আলাদা করা হয়।এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়।এ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয় গত ৪ জুন।স্থানীয়রা জানান, শুরু থেকেই তাঁরা প্রশাসনিক এই পরিবর্তনের বিরোধিতা করে আসছেন। ছয়টি গ্রামকে আগের ইউনিয়নে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও দীর্ঘদিনে কোনো সমাধান হয়নি।এর মধ্যেই সম্প্রতি ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।এ প্রস্তাবের পেছনে জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।তাঁদের দাবি, ওই নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে।বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদেই রোববার রেল ও সড়কপথ অবরোধের কর্মসূচি পালন করেন তাঁরা।অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।তিনি জানান, রেল ও সড়কপথ অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ