বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক ও বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে রেজিনগরে অবস্থিত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাকে স্থানীয় রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ভোটগ্রহণ শুরুর পরপরই এলাকায় ভোট কারচুপি হচ্ছে বলে গুরুতর অভিযোগ তোলেন হুমায়ুন কবির। এরপর তিনি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নির্দিষ্ট একটি ভোটকেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এ নিয়ে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে কবির ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না আমাকে আসলে গ্রেফতার করা হচ্ছে, নাকি কোনো আইনি প্রক্রিয়ায় আটক রাখা হচ্ছে।’অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেছেন, নির্বাচনের কয়েক দিন আগে হুমায়ুন কবির উসকানিমূলক বক্তব্য দিয়ে বলেছিলেন যে ভোটের দিন অন্তত ১০ জনের মৃত্যু হবে। বিজেপি প্রার্থীর দাবি, এলাকায় দাঙ্গা বাঁধানোর চক্রান্ত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কটূক্তি ও গালিগালাজ করার কারণেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।সূত্র: টাইমস নাউ