ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করেছে। প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি দেখা যায়নি।বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে।মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক তুলে ধরেছে আইএইএর বিশেষজ্ঞ দল। প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে কার্যকর ভিত্তি হতে পারে। দ্বিতীয় শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা, যেখানে চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসহ বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণের আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে।আইএইএর মূল্যায়নের বিষয়টি ব্যাখ্যা করে গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বিষয়টি বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। তাঁর মতে, জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি জোরদারে বাংলাদেশের অঙ্গীকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবের প্রশংসা করেন। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির সময়ে এ পর্যালোচনাকে কেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনার সক্ষমতার ইতিবাচক মূল্যায়ন এবং জাতীয় পর্যায়ে সমন্বয় সুসংহত করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র