চলতি মাসেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটিতে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রযুক্তিগত বা আকস্মিক কোনো সংকট তৈরি না হলে চলতি সপ্তাহের মধ্যেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর মধ্য দিয়ে দেশে পারমাণবিক বিদ্যুতের বাণিজ্যিক ব্যবহারের সূচনা হতে যাচ্ছে।এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে যত দ্রুত সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা চলছে।তিনি আরও জানান, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ত্রুটি নেই বলে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন এবং তাঁর সময় পাওয়ার ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করছে।সংশ্লিষ্ট তথ্যমতে, গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) সফলভাবে শুরু হয়। এরপর ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ বা ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয়। কারিগরি পরীক্ষা শেষ হওয়া সাপেক্ষে চলতি সপ্তাহেই গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর পর তা ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ইউনিটটিকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে উন্নীত করতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে, যা ২০২৭ সালের এপ্রিল নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে, দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) দেশে আসছে এবং ইতিমধ্যে ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে। প্রথম ইউনিট পুরোদমে চালু হওয়ার প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়ে দেশের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করবে।