ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভারতে স্বর্ণ-রুপার দাম কমেছে, বিশ্ববাজারেও নিম্নমুখী

ভারতের পণ্যবাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। বুধবার (২৫ নভেম্বর) লেনদেনের শুরুতে দেশটির মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ডিসেম্বর মেয়াদের স্বর্ণের ফিউচার্স চুক্তির দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১ লাখ ২১ হাজার ৯০০ রুপিতে নেমে আসে। একই সময়ে রুপার দামেও পতন দেখা যায়।মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার আরও বাড়তে পারে, এমন প্রত্যাশা এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতার কারণে মূল্যবান ধাতুর বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। ভারতীয় বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মেয়াদের প্রতি কেজি রুপার দাম ৪৩৫ রুপি বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১ লাখ ৪৫ হাজার ৩ রুপিতে দাঁড়ায়। আগের কার্যদিবসে এর দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৪৩৮ রুপি।আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। মঙ্গলবার দুই শতাংশের বেশি দরপতনের পর বুধবার সকালের লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩ হাজার ৫৪৫ ডলারের কাছাকাছি নেমে আসে।সিঙ্গাপুর সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ১৯ সেন্টে লেনদেন হয়। একই সময়ে রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়। আগের দিন রুপার দাম পাঁচ শতাংশের বেশি কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে যেতে পারে, এমন প্রত্যাশা স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার আকর্ষণ কমতে পারে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক পরিকল্পনা ঘিরেও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা রয়েছে। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক অর্থনীতির পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে।এই পরিস্থিতিতে শেয়ারবাজারের ক্ষতি সামাল দেওয়া এবং নগদ অর্থ সংগ্রহের জন্য কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করছেন বলে বাজার-সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে বুধবার দিনের লেনদেনের পরবর্তী পর্যায়েও স্বর্ণ ও রুপার দাম আরও কমেছে। ভারতের এমসিএক্সে ডিসেম্বর মেয়াদের স্বর্ণের ফিউচার্স চুক্তি দুপুরের দিকে প্রতি ১০ গ্রামে প্রায় ১ লাখ ২০ হাজার ৫৭৬ রুপিতে নেমে আসে। ফলে সকালের তুলনায় দরপতনের মাত্রা আরও বেড়ে যায়। স্বর্ণের বাজারে এই ওঠানামার ফলে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য, ফেডারেল রিজার্ভের সুদসংক্রান্ত সিদ্ধান্ত এবং নতুন শুল্কনীতির দিকে নজর রাখছেন।সূত্র : এনডিটিভি

ভারতে স্বর্ণ-রুপার দাম কমেছে, বিশ্ববাজারেও নিম্নমুখী