ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-রিয়াদ রুটে টিকিট বিক্রি শুরু করল রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে। বুধবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই রুট চালুর মাধ্যমে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও সহজ হবে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে যাত্রী চলাচল বাড়াতে রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এয়ারলাইনসটি।আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। এ রুটে ব্যবহৃত হবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।ফ্লাইটটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকা থেকে ফিরতি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।[BANGVIEWS-POST:1512]রিয়াদ এয়ার জানিয়েছে, বাণিজ্যিক ভ্রমণ, শ্রমবাজার, পর্যটন ও অবকাশযাপনসহ বিভিন্ন কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রী চাহিদা ক্রমেই বাড়ছে। নতুন এই সরাসরি ফ্লাইট সে চাহিদা পূরণে সহায়ক হবে।এয়ারলাইনসটির মতে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে ঢাকা-রিয়াদ রুট গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও গতিশীল করবে এই সার্ভিস।প্রতিষ্ঠানটি আশা করছে, নতুন প্রিমিয়াম ফ্লাইট সেবা দুই দেশের যাত্রীদের জন্য আরামদায়ক ও সহজ ভ্রমণের সুযোগ তৈরি করবে।

ঢাকা-রিয়াদ রুটে টিকিট বিক্রি শুরু করল রিয়াদ এয়ার