ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হাদির শাহাদাতবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এর মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা, কফিন মিছিল, বিনা মূল্যে চিকিৎসাসেবা, সাংস্কৃতিক আয়োজন ও বিজয় র‍্যালি। আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তাঁরা দীর্ঘ এক মাস ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছেন। দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিচার দাবির প্রতি ব্যাপক সমর্থন পেয়েছেন বলে জানান তিনি।জুমা বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে। তাই সেই অঙ্গীকার পূরণের পাশাপাশি হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডগুলোর বিচারও দাবি করেন তিনি।এ সময় বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ববর্তী রাজনৈতিক অঙ্গীকারের কথাও তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। তাঁর দাবি, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে। আগামী ১৮ ডিসেম্বরের সর্বদলীয় শহীদি সমাবেশ কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার উদ্দেশ্যে নয় বলেও জানান তিনি।জাবেরের ভাষ্য, এ আয়োজনের মাধ্যমে সরকারকে জনগণের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও পূর্ববর্তী অঙ্গীকার বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে।ওসমান হাদির রাজনৈতিক ও সামাজিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাঁর অবদান নিয়ে প্রশ্ন তুলে হত্যাকাণ্ডের বিচার দাবিকে দুর্বল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবের জানান, ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছিল।মাসব্যাপী কর্মসূচির বিষয়ে জানানো হয়, ২৮ নভেম্বর বিস্তারিত প্রস্তুতি ও আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর সারা দেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং করা হবে।৪ ডিসেম্বর তাহাজ্জুদ ও বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ৬ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্মরণসভা এবং ৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি পালন করবে সংগঠনটি।৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। পরদিন ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।১১ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কফিন মিছিল বের করার পরিকল্পনা রয়েছে। একই দিনে দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর ওসমান হাদির ওপর হামলার ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং সন্ধ্যায় বায়তুল মোকাররমে দোয়া ও মিলাদ আয়োজন করা হবে।১৩ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ওসমান হাদী ফেস্ট’। এতে তাঁর জীবন, কর্মকাণ্ড ও স্মৃতি তুলে ধরার বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিজয় র‍্যালি ও সার্বভৌমত্ব রক্ষার শপথ কর্মসূচি পালন করা হবে। ১৭ ডিসেম্বর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে আয়োজন করা হবে স্মরণের রাত।সবশেষে ১৮ ডিসেম্বর, ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকীতে, দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের আয়োজন করবে ইনকিলাব মঞ্চ।এর আগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম।

হাদির শাহাদাতবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি ইনকিলাব মঞ্চের