সাবেক এসপি আরিফকে চাকরি থেকে বরখাস্ত
সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।তবে নোটিশের পরও তিনি কোনো সাড়া দেননি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।ওই আদেশে বলা হয়, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আরিফুর রহমান মণ্ডল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছিল, তিনি যেদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেদিন থেকেই এ সাময়িক বরখাস্ত কার্যকর হবে।পরবর্তীতে বিভাগীয় মামলার কার্যক্রমে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।