রাষ্ট্রপতির ভাষণ ‘সেন্সর’, ইরান সরকার-রাষ্ট্রীয় টিভির বিরোধ
ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ানের ভাষণের কিছু অংশ সম্প্রচার না করাকে কেন্দ্র করে দেশটির সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনাটিকে সেন্সরশিপ হিসেবে আখ্যা দেওয়া হলেও অভিযোগ অস্বীকার করেছে আইআরআইবি।ইরান সরকারের তথ্য কাউন্সিল জানিয়েছে, যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়নি।ভাষণে পেজেশকিয়ান বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগের অনুমোদন পেয়েছিল সরকার। তিনি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশেই আলোচনা শুরু করা হয়েছিল।তবে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি বলছে, দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে, এমন ভুল ধারণা তৈরি হতে পারে বলেই বক্তব্যের কিছু অংশ প্রচার করা হয়নি।সরকারের বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতেও একই ধরনের ঘটনা ঘটেছে। সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোসেনি-এজেইর বক্তব্যের কিছু অংশও সম্প্রচার করা হয়নি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও অভিযোগ করেছেন, বিদেশি সংবাদমাধ্যমে তিনি যুদ্ধ নিয়ে ইরানের অবস্থান যেভাবে তুলে ধরেছেন, তা দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে যথাযথভাবে প্রচার করা হয়নি।সরকার আইআরআইবির বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর অবস্থান অনুসরণ করার অভিযোগ তুলেছে। সরকারের মতে, এ ধরনের বাছাই করা সম্প্রচার জাতীয় নিরাপত্তা ও সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত করতে পারে।অন্যদিকে আইআরআইবির কর্মকর্তারা বলছেন, সম্প্রচারের মাধ্যমে রাষ্ট্রীয় নেতৃত্বের মধ্যে বিভক্তির ধারণা তৈরি হওয়া ঠেকানো তাদের দায়িত্ব।এই বিরোধের মধ্যেই ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি ও চলমান সংঘাত নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চলছে, তবে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা তিনি দেখছেন না।সূত্র: আল জাজিরা ইংলিশ