ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের জন্য তিন মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন। আসন্ন সিনেমা ‘রণবলী’-তে জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাঁর সহযোগী দলের সদস্যদের বিভিন্ন পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।অভিনেত্রীর প্রত্যাশা, তিন মাসের খাদ্যসহায়তা পাওয়ায় পরিবারগুলো বাজার খরচের অর্থ সাশ্রয় করতে পারবে। সেই অর্থ ভবিষ্যতের প্রয়োজনের জন্য জমিয়ে রাখার সুযোগও তৈরি হবে।মানবিক এই উদ্যোগের পেছনে নিজের নতুন সিনেমার একটি চরিত্রের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন রাশমিকা।‘রণবলী’ সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের মানসিকতার মিল খুঁজে পেয়েছেন বলে জানান অভিনেত্রী।এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’রাশমিকা জানান, প্রথমে তিনি সহায়তা কার্যক্রমটি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন। এ কারণে তাঁর সহযোগী দলের কয়েকজন ছাড়া বিষয়টি অন্য কেউ জানতেন না।তবে পরে নিজের উদ্যোগ প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর বিশ্বাস, তাঁর এই কাজ দেখে অন্যরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন।রাশমিকার কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে।’সহায়তা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’এদিকে নতুন সিনেমা ‘রণবলী’ নিয়ে আলোচনায় রয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বিয়ের পর প্রথমবারের মতো এই সিনেমায় একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁদের।সিনেমাটির কাহিনির পটভূমি ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। সে সময় খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ সংকটের মুখে পড়ে। খাদ্যাভাবের কারণে বহু মানুষের মৃত্যু হয়।এই ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রী জয়াম্মার চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা।সিনেমাটি মুক্তির আগেই নিজের অভিনীত চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া মানবিক উদ্যোগের কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা