‘তারা সালমান মুক্তাদিরকে চেনে না’: রাফসান
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘদিনের পথচলার কথা তুলে ধরে তার পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।ইফতেখার রাফসান লিখেছেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই সালমান ভাইয়াকে আমি সব সময়ই অনুসরণ করেছি। একজন ভক্ত হিসেবে তার প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাকে দেখেছি। এরপর তাকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে, জীবনে অনেক কিছু অর্জন করতে দেখেছি। পরে বাস্তব জীবনেও তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।’সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান আরও লিখেছেন, ‘এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।’সালমানকে সাহস জোগাতে রাফসান লিখেছেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন সালমান মুক্তাদির। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি।ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশ দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল...এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’প্রকাশিত ভিডিওতে স্টুডিওর বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই সালমানের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন রাফসান।