রাজশাহীতে মারধরের পর রিকশাচালকের মৃত্যু
রাজশাহীতে মারধরের ঘটনায় পলাশ (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।নিহত পলাশ নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করায় রক্তচাপ মাপতে বুধবার রাতে মালোপাড়ার একটি ওষুধের দোকানে যান পলাশ। এ সময় তার রিকশা সড়কের ওপর থাকায় যানজটের সৃষ্টি হয়। পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশাটি সরিয়ে নিতে বলেন।এ নিয়ে পলাশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি মীমাংসা করে দেয়।[BANGVIEWS-POST:3687]এরপর স্থানীয়রা অসুস্থ অবস্থায় পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পলাশের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, নিহতের স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।