২০১০ সালের মৃত্যুর ঘটনায় আইনি সংকটে রাখি সাওয়ান্ত
ভারতের উত্তর প্রদেশে ১৬ বছর আগের একটি মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগসংক্রান্ত মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত দীর্ঘ আইনি প্রক্রিয়া ও অভিযোগপত্র দাখিলের পর রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মামলার সূত্রপাত ২০১০ সালের একটি টেলিভিশন রিয়েলিটি শোকে কেন্দ্র করে।ওই বছর ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক পারিবারিক বিরোধের কারণে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় প্রচারিত একটি জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।অভিযোগ অনুযায়ী, স্ত্রীর সঙ্গে বিরোধের বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে রাখি সাওয়ান্ত লক্ষ্মণকে উদ্দেশ করে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন।অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারের পর লক্ষ্মণ সামাজিকভাবে হেনস্তার শিকার হন এবং মানসিক অবসাদে ভুগতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে।একই বছর লক্ষ্মণের মৃত্যু হয়। এরপর তাঁর মা রাখি সাওয়ান্তসহ মোট চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।পরবর্তী সময়ে মামলাটিতে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়।দীর্ঘদিন ধরে চলা আইনি কার্যক্রমের পর অভিযোগপত্র দাখিল করা হয়। এর পরবর্তী পর্যায়ে আদালত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে রাখি সাওয়ান্তকে দ্রুত আদালতে হাজির হতে হবে।আদালতে উপস্থিত হয়ে তাঁকে জামিনের আবেদন করতে হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী।তবে মামলায় আনা অভিযোগগুলো এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।সূত্র: এনডিটিভি।