ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭৬% ভোট গণনা শেষ: ৫৪ আসনেই আটকে নেতানিয়াহুর ভাগ্য

ইসরায়েলের জাতীয় সংসদ (নেসেট) নির্বাচনের ভোট গণনা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে দেশটির ক্ষমতার নাটকীয় সমীকরণ আরও জটিল ও তীব্র রূপ নিয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিট পর্যন্ত ৭৬ দশমিক ৮ শতাংশ ভোটকেন্দ্রের প্রাথমিক গণনায় দেখা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৪টি আসনেই থমকে আছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ জোটের আসনসংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৪৭-এ। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ভোট গণনার এই পর্যায়ে সবচেয়ে বড় রাজনৈতিক চমক দেখিয়েছে দেশটির প্রধান দুটি আরব রাজনৈতিক দল। যৌথ ও স্বতন্ত্র অবস্থান মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ইসলামপন্থী দল ‘রা’আম’ নিজেদের অবস্থান আরও সংহত করে সম্মিলিত আসনসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ১৯-এ উন্নীত করেছে।ইসরায়েলের নির্বাচনী আইন অনুযায়ী নেসেটে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিটি দলকে ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের নির্বাচনী বাধা (থ্রেশহোল্ড) অতিক্রম করতে হয়। প্রাথমিক গণনায় দেখা গেছে তিনটি দল এই বাধা পেরোতে ব্যর্থ হয়েছে—যার মধ্যে রয়েছে রিজার্ভিস্টস (২.৬ শতাংশ), পিপল অব ইসরায়েল (১.৭ শতাংশ) এবং কট্টর অর্থোডক্সদের দল হারেদি পাবলিক (০.২ শতাংশ)। কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এগুলো এখনো আংশিক ফলাফল। মূলত সামরিক বাহিনীর সদস্য ও কূটনীতিকদের মতো বিশেষ ভোটারদের ‘ডাবল-এনভেলপ’ বা দ্বৈত খাম পদ্ধতির ভোটগুলো গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফলে আরও নাটকীয় পরিবর্তন আসতে পারে।দলভিত্তিক আসন বিন্যাসে দেখা যায়, একক দল হিসেবে ২৭টি আসন নিয়ে শীর্ষে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। ২০টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’। এছাড়া আরব জোট জয়েন্ট লিস্ট এককভাবে ১৩টি এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘বেয়াহাদ’ ১১টি আসনে এগিয়ে রয়েছে। গণনার সর্বশেষ আপডেটে ইয়াশার জোট তাদের একটি আসন হারিয়েছে, যা সরাসরি যুক্ত হয়েছে জয়েন্ট লিস্টের তালিকায়। এর ফলে আইজেনকটের দলীয় আসন ৪৮ থেকে ৪৭-এ নামলেও নেতানিয়াহু জোটের ৫৪ আসন অপরিবর্তিত রয়েছে।নির্বাচনে আরব দলগুলোর শক্তিশালী উত্থান নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্র তৈরি করেছে। জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহুর ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাঁরা তাঁদের এই বর্ধিত সংসদীয় শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত। তিনি বলেন, “নেতানিয়াহু ও ইতামার বেন-গভিরের বর্তমান সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন দুর্বিষহ করে তুলেছে। নেতানিয়াহু, বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের চরমপন্থী জোটকে বিদায় জানাতে আমাদের এই রাজনৈতিক শক্তি প্রয়োগ করা হবে।”বিশেষ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বেদুইন অধ্যুষিত শহরগুলোতে ইসলামপন্থী দল ‘রা’আম’-এর বিপুল জনসমর্থনের ফলেই দলটির আসন ৪টি থেকে বেড়ে ৬টিতে উন্নীত হয়েছে। উদাহরণস্বরূপ, দক্ষিণ সীমান্ত সংলগ্ন রাহাত শহরের ৩১টি কেন্দ্রের গণনায় রা’আম একাই পেয়েছে ৮৩ দশমিক ৬ শতাংশ ভোট। একইভাবে কুসেইফ শহরে ৮৬ দশমিক ৬ শতাংশ এবং কাফর কাসিমে ৭৪ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে দলটি।সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

৭৬% ভোট গণনা শেষ: ৫৪ আসনেই আটকে নেতানিয়াহুর ভাগ্য