ইরানবিরোধী অভিযানে থাকা যুদ্ধজাহাজের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করল যুক্তরাষ্ট্র!
ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহাজের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার দায়িত্বে থাকা একটি ডেস্ট্রয়ারের কমান্ডার এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের তিন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। তবে প্রচলিত নিয়ম ভেঙে এসব সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো কারণ জানায়নি মার্কিন নৌবাহিনী।সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘ইউএসএস মাইকেল মারফি’ নামের ডেস্ট্রয়ারের কমান্ডার ক্যাটলিন কানিংহামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছিল।এ ছাড়া পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন ‘ইউএসএস সাউথ ডাকোটা’-এর কমান্ডার, উপকমান্ডার এবং জ্যেষ্ঠ তালিকাভুক্ত নাবিককেও (কমান্ড মাস্টার চিফ) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত অক্টোবরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমুদ্রতলে কোনো কিছুর সঙ্গে সাবমেরিনটির সংঘর্ষের ঘটনার পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে মার্কিন নৌবাহিনী প্রকাশ্যে কোনো ঘোষণা না দেওয়ায় দেশটির কংগ্রেস সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি জো কোর্টনি ও অ্যাডাম স্মিথ অভিযোগ করেছেন, নৌবাহিনী তাদের এ বিষয়ে আগাম কোনো তথ্য জানায়নি। ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলকে পাঠানো এক চিঠিতে তাঁরা বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। আইনপ্রণেতাদের মতে, নৌবাহিনীর এমন তথ্য গোপন রাখার প্রবণতা প্রশাসনিক স্বচ্ছতা এবং কংগ্রেসের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করেছে।অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনায় এসেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আসতে বেশ দেরি হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহারে বিধিনিষেধ এবং সরকারি পর্যায়ে সীমিত তথ্য প্রকাশের কারণে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সময় লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এরই মধ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।সূত্র: মিডল ইস্ট আই