ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত হওয়া, অভিবাসন বা স্থানীয় আইন লঙ্ঘন করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি তৈরি করার অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে ইতিমধ্যে ৩ লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকায় সংখ্যাটি আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ও ভিসাধারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তিনি উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, অন্যথায় এ দেশে ভ্রমণের সমস্ত সুযোগ হারাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তাই সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার।”হোয়াইট হাউসের এক আনুষ্ঠানিক বার্তার বরাত দিয়ে নামদার আরও উল্লেখ করেন, বর্তমান ট্রাম্প প্রশাসন মার্কিন ইতিহাসের যেকোনো পূর্ববর্তী প্রশাসনের চেয়ে অনেক দ্রুতগতিতে এবং বিপুল সংখ্যায় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী বিদেশি নাগরিকদের ভিসা বাতিল কার্যক্রম বাস্তবায়ন করছে।এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে এক বিবৃতিতে জানান, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো বিদেশি নাগরিক যদি আইন অমান্য করেন, প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নেন কিংবা দেশের নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেন, তবে তা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।”

তিন লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র