ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র ভিসা ও গ্রিন কার্ডের সময়সীমা গণনায় নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের বিভিন্ন ক্যাটাগরির আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনার প্রচলিত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)।নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো আবেদনের শেষ দিন যদি সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়ে, তবে আগের মতো সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়তি সময় পাওয়ার সুযোগ আর থাকছে না। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনার আলোকে ২৩ অক্টোবর ২০২৬ থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়।ইউএসসিআইএসের নতুন নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা (ফাইল করার শেষ তারিখ) এবং কোনো সুনির্দিষ্ট অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের চূড়ান্ত সময়সীমার মধ্যকার পার্থক্য সুস্পষ্ট করা হয়েছে। কাগজভিত্তিক (কাগজে প্রিন্ট করা) কিছু নির্ধারিত ফর্মের ক্ষেত্রে শেষ দিন শনি, রবি বা সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে জমা দেওয়ার রেয়াত মিলতে পারে। তবে অনলাইনে সার্বক্ষণিক আবেদন করার সুযোগ থাকায় অনলাইন ফাইলিংয়ের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না; আবেদনকারীদের স্ব স্ব ফর্মের নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে।বিশেষ করে বয়সসংক্রান্ত যোগ্যতার ক্ষেত্রে নতুন এ নিয়মে তীব্র কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরির আবেদনে সন্তানদের বয়স ২১ বছর পূর্ণ হওয়ার আগেই ফাইল জমা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এমন স্পর্শকাতর আবেদনের শেষ দিন যদি কোনো ছুটির দিনে পড়ে, তবে অতিরিক্ত কোনো দিন স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না। এর ফলে নির্দিষ্ট দিন বা বয়সসীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই অভিবাসন সুবিধা পাওয়ার আইনি যোগ্যতা চিরতরে হারাতে পারেন।পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি (H-1B) ভিসাধারী কর্মী এবং তাঁদের নিয়োগকর্তাদেরও আই-৯৪ (I-94) নথিতে উল্লেখিত অনুমোদিত অবস্থানের মেয়াদের প্রতি বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। দেশটিতে অবস্থানের অনুমোদিত শেষ দিন ছুটির দিনে পড়লেও তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত সম্প্রসারিত হবে না। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই স্ট্যাটাস নবায়ন বা পরিবর্তনের আনুষ্ঠানিক আবেদন সম্পন্ন করতে হবে; অন্যথায় আবেদনকারী সরাসরি বেআইনি অবস্থানের জটিলতায় পড়তে পারেন।অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন বাস্তবতায় আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে তাঁদের আবেদনের শেষ সময়টি সাধারণ দাপ্তরিক ফাইলিং নাকি যোগ্যতা নির্ধারণের চূড়ান্ত তারিখ। একই সঙ্গে আবেদনটি অনলাইন নাকি অফলাইনে জমা দিতে হবে তা যাচাই করে বয়সসীমা কিংবা অবস্থানের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর্যাপ্ত আগেই ফাইলিং সম্পন্ন করা জরুরি, যাতে ছুটির দিনের বাড়তি সুবিধার ওপর ভুল ভরসা করে কোনো আইনি অধিকার হারাতে না হয়।সূত্র: হিন্দুস্তান টাইমস 

যুক্তরাষ্ট্র ভিসা ও গ্রিন কার্ডের সময়সীমা গণনায় নতুন নিয়ম