যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন:ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করে লাভ নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, যারা প্রতিদিন নিষেধাজ্ঞা, চাপ, হুমকি ও হত্যার পথ বেছে নেয় এবং নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের সঙ্গে কোনো সংলাপ অর্থহীন। এমন অবস্থান সে দেশের জনগণও মেনে নেবে না বলে তিনি উল্লেখ করেন।অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তা চুক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ হুথিদের হাত থেকে মুক্ত করার লড়াইয়ে স্থানীয় মিত্র বাহিনীর অভিযানকে প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।এদিকে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ২০১৪ সাল থেকে হুথিদের দখলে থাকা রাজধানী সানা পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। এ অভিযানের অংশ হিসেবে ইয়েমেনি সেনাবাহিনী বাব আল-মান্দাব প্রণালির নিকটবর্তী ধুবাব এলাকাসহ কয়েকটি কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তবে এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বিমান বা সামরিক হামলায় অংশ নিচ্ছে না। ওয়াশিংটন মূলত গোয়েন্দা তথ্য ও কৌশলগত পরামর্শ দিয়ে সৌদি আরব ও মিত্রদের সহায়তা দিচ্ছে।সূত্র: ফারস নিউজ এজেন্সি